
সুনামগঞ্জে পর্যটকবাহী একটি বাস উল্টে এক নারী ও তার মেয়ের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ১০ জন। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানী ঢাকায় কদমতলি এলাকায় বাসিন্দা ৩৭ বছর বয়সী মনজুরা আক্তার ও তার মেয়ে ১০ বছর বয়সী আয়েশা সিদ্দিকা।আহতদের জয়কলস হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী বলেন, তারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিলেন।পথে যাত্রী ‘সেজুতি ট্রাভেলেস’ এর বাসটি সুনামগঞ্জের পাগলা বাজারে এসে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন।

