
গাজীপুরের শ্রীপুরে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম তার সহযোগী দুই শতাধিক নারী ও পুরুষ নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা দিলটিতে যোগ দেন। রবিবার (২১ ডিসেম্বর) সকালে টেপির বাড়ি গ্রামে ডা. বাচ্চুর নিজ বাসভবনে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
সফিকুল ইসলাম তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা। যোগদানকারীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া তুলে দেন। এসময় ডাক্তার বাচ্চুও তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
নবাগতদের স্বাগত জানিয়ে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—বিএনপিই জনগণের আস্থা ও বিশ্বাসের শেষ আশ্রয়স্থল। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের এই জাগরণ ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে। নতুন যারা দলে এসেছেন, তাদের ঐক্যবদ্ধ ভূমিকা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলেও আশা করেন তিনি।

যোগদানকারীরা জানান, শহী জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকসি, বিএনপি নেতা সালেহ আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপিএবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিএনপিতে নবাগতদের মিষ্টিমুখ করান সকল অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
