
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ঘিরে ট্রাফিক বক্স ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘তদন্তের স্বার্থে’ সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে দুই পুলিশ সদস্যকে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউজ রোডে মোটরসাইকেলের দুই আরোহী পুলিশ চেক পোস্টের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সার্কিট হাউজ মোড়ে একটি ট্রাকে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলে রিফাত নামে একজনের মৃত্যু হয়। সোহাগ নামে একজনের মৃত্যু হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে। নিহতদের পরিবারের দাবি, পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
এদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিফাতের মরদেহ পড়ে থাকে রাস্তায়। উত্তেজিতদের বাধায় মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ।
পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

